বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরে রিজভী বলেন, ‘বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। ভবিষ্যতে এসবসহ হত্যা ও গুমের বিচার আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে করা হবে।’
গতকাল সোমবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলে। সরকারের পদত্যাগ, সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন ইস্যুতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালন করেছে।
রিজভী বলেন, ‘গত ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।’
সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে প্রহসনের নির্বাচন করে সরকার আত্মঅহমিকা দেখাচ্ছে। তারা জোর করে তাদের দখলদারিত্ব ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে। এদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে সরকারের পতনের লক্ষ্যে। এই সরকারের বিরুদ্ধে সবাই আজকে আন্দোলনে একসঙ্গে। আজকে ডামি নির্বাচন বাতিলের দাবিতে সবাইকে এখন একত্রিত হয়ে রাজপথে নামতে হবে। আমরা সেই লক্ষে লিফলেট কর্মসূচি শুরু করেছি।’
রাজধানীর মিরপুর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক লিফলেট বিতরণ করেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদল নেতাদের নিয়ে রাজধানীর গ্রিন রোড ও উত্তরায় লিফলেট বিতরণ করেন। বিএনপি ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাম গণতান্ত্রিক জোটসহ রাজপথের আন্দোলন সংগ্রামে শরিক কয়েকটি দল রাজধানীতে লিফলেট বিতরণ করেছে।