জেলা প্রশাসকের উপস্থিতে রাষ্ট্র ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাসেদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আটক করে পুলিশ। আজ বুধবার মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রসাশকের মতবিনিময় সভায় এ কটূক্তির ঘটনা ঘটে।
এ ঘটনায় মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় এজাহার দায়ের করেছেন। তিনি তার এজহারে উল্লেখ করেছেন, সভায় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ তার বক্তব্যে বলেন, 'ভারত সরকার হলো বাংলাদেশ সরকারের স্বামী। আর মাদক স্বামীর দেশ থেকে স্ত্রীর দেশে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশ বিক্রি করে স্বামীর দেশের উন্নতি করছে, আর সকলের নিকট প্রচার করছে ভারত সরকার বাংলাদেশের বন্ধুবপ্রতীম রাষ্ট্র।'
তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সভায় হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জেলা প্রশাসক ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় তাকে আটক করে।