সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। একইসঙ্গে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘সরকারের সব দুর্নীতি ও অপকর্মের হিসাব অবশ্যই একদিন জনগণের কাছে দিতে হবে।’
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবি ও নির্বাচন বাতিলের দাবিতে গণসংযোগ-লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি।
সংক্ষিপ্ত সমাবেশে সেলিমা রহমান বলেন, ‘নির্বাচন পরবর্তী ছাত্রলীগ, যুবলীগ শিক্ষাঙ্গণে নারী ধর্ষণসহ বিভিন্ন ঘটনা ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করছে। অন্যদিকে সরকার কারাগারে বিএনপির নেতা-কর্মীদের ওপর বিভিন্নভাবে নির্মম, নির্যাতন চালাচ্ছে।’
দ্রব্যমূল্যের বৃদ্ধি ও কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূলের ঊর্ধ্বগতি। সরকার জনগণের কথা না ভেবে দুর্নীতি ও জুলুম, নির্যাতনে ব্যস্ত রয়েছে। জনগণ অবৈধ নির্বাচন মানে না।’
তিনি আরও বলেন, ‘সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে। অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশের জনগণ বর্জন করে আওয়ামী লীগকে বর্জন করেছে।’
এ সময় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।