সতীর্থের সাথে মারামারিতে আঙুল ভাঙে সনের

টেবিল টেনিস খেলা নিয়ে তর্কাতর্কি, এর জের ধরেই আঙ্গুল ভেঙ্গেছে দক্ষিণ কোরিয়ার ফুটবল তারকা সন হিউং-মিন এর, দাবী ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ানের। প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে,জর্ডানের বিপক্ষে এশিয়ান কাপের সেমিফাইনালের আগে দলের কয়েকজন তরুণ খেলোয়াড়ের টেবিল টেনিস খেলা নিয়ে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে আঙ্গুল ভাঙ্গে টটেনহামে খেলা এই কোরিয়ান তারকা ফুটবলারের।

দক্ষিণ কোরিয়ার ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, 'এটা হয়েছে যখন কয়েকজন তরুণ খেলোয়াড় টেবিল টেনিস খেলতে যায় এবং সন ও কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড় ব্যপারটা নিয়ে অখুশী হন। খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সন আঙ্গুলে আঘাত পান।' ফিফা র‍্যাংকিংয়ে ৬৪ ধাপ নিচে থাকা জর্ডানের কাছে হেরে এশিয়ান কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ২৮তম অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়া।

অসমর্থিত সূত্রের খবর, সেমিফাইনালের আগের দিন সিওল ইয়ং উ এবং জিওং উ ইয়ং টেবিল টেনিস খেলছিলেন; তখন সন এবং বেশ কয়েকজন সতীর্থ দেরিতে নৈশভোজ সারতে আসেন। খেলার জায়গা থেকে আওয়াজ ভেসে আসতে থাকায় সন প্রথমে তাদের চুপ করতে বলেন। কিন্তু আওয়াজ না কমায় সন লি এর শার্টের কলার চেপে ধরেন, লি পালটা ঘুঁষি মারেন। দুই সংঘর্ষরত সতীর্থকে অন্যরা টেনে আলাদা করার সময় এক পর্যায়ে সনের আঙ্গুলের হাড় স্থানচ্যুত হয়। এই ঘটনার প্রেক্ষিতে সন এবং কয়েকজন জ্যেষ্ঠ ফুটবলার লি কে একাদশের বাইরে রাখতে কোচ ইয়ুর্গেন ক্লিনসমানকে অনুরোধ করেন। কিন্তু সেটা উপেক্ষা করে লি কে শুরু থেকেই একাদশে রাখেন কোচ। লি এবং সনের ভেতর আগে থেকেই ঝামেলা চলছিল, টেবিল টেনিসের ঘটনা সেই গন্ডগোলকেই উস্কে দেয় বলেই দাবী প্রত্যক্ষদর্শীদের।

বৃহস্পতিবার কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন একটি বৈঠক ডেকেছে এশিয়ান কাপের ব্যর্থতা পর্যালোচনা করতে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া ক্লিনসমান সেই বৈঠকে যোগ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।