শাহবাগে ঢাবির তিন সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ১

রাজধানীর শাহবাগে ফুলের দাম বাড়ার কারণ জানতে চাওয়ায় এক দোকানোর কর্মচারী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পায়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে শাহবাগে ফুল বিক্রির সংবাদ সংগ্রহের সময় ‘ফুলতলা ফ্লাওয়ার সপ’ নামের এক দোকানে ‍ফুলের দাম জিজ্ঞেস করা হয়। এসময় দাম বেশি রাখার কারণ জানতে চাইলে ওই দোকানোর কর্মচারীরা তিন সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে একজনের চোখে মারাত্মক জখম হয়।

মারধরের শিকার তিন সাংবাদিক হলেন- নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের বিশ্বদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম, রেডিও টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল আজাদ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় সাতজনকে অভিযুক্ত করে মামলা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, ফুলের দোকানী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিককে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।