আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল প্যারিস অলিম্পিকে জায়গা করে নেওয়ায় আবারও ফ্রান্সে খেলার সুযোগ তৈরি হয়েছে লিওনেল মেসির। শেষ পর্যন্ত যদি প্যারিস অলিম্পিকে যান মেসি, তাহলে তাকে দেখলেই স্থানীয় সমর্থকদের দুয়ো দিতে বললেন সাবেক পিএসজি তারকা জেরোমি রোথেন।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগের দুই বছর প্যারিসের ক্লাব পিএসজিতে খেলেছেন মেসি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাশায় তাকে আনা হলেও তা মেটাতে পারেননি মেসি। তার উপর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা। তাতে আরও ক্ষেপে যায় স্থানীয় সমর্থকরা। মাঠে তখন নিয়মিত দুয়ো শুনতে হতো মেসিকে। কিন্তু এবার অবশ্যই যেন দুয়ো দেওয়া হয় এমন আহ্বান এসেছে আরএমসি স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক পিএসজি ফুটবলার রোথেনের কাছ থেকে।
রোথেন'সএনফ্ল্যাম নামক তার টকশো'তে তিনি বলেন, 'আমাদের ভুলে গেলে হবে না তিনি (মেসি) আমাদের কী দেননি। একজন ফরাসি এবং প্যারিসিয়ান হিসেবে তাকে আর্জেন্টিনা দলের সঙ্গে প্যারেডে দেখতে চান? যদি আপনাদের আমার সঙ্গে দ্বিমত না থাকে যে, মেসি আমাদের দুই বছরে শুধু বাজে কিছুই উপহার দিয়েছেন। তাকে দুয়ো দিবেন।'
অবশ্য ইচ্ছা থাকলেও প্যারিস অলিম্পিকে খেলা কঠিন হয়ে যেতে পারে মেসির জন্য। কারণ জুনেই রয়েছে কোপা আমেরিকার আসর। শিরোপা ধরে রাখার লড়াইয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হবে অলিম্পিক গেমস। তবে তাকে পাওয়ার জন্য মুখিয়ে আছেন সাবেক সতীর্থ ও অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাসচেরানোসহ দলের অধিনায়ক থিয়েগো আলমাদা।