এসএফসি (নেভি) কার্যালয় পরিদর্শন সিএজির

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম গতকাল বুধবার সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার-এসএফসি (নেভি) কার্যালয় পরিদর্শন করেন। রাজধানীর মিরপুর-১৪ নম্বরের লালাসরাইয়ের এ কার্যালয়ের সার্বিক কার্যক্রম, বিবিধ সেবা প্রদানের মান, নথি ব্যবস্থাপনা, বিল পাসিং স্ট্যাটাস, সার্ভিস ফিডব্যাক সিস্টেম ও এর অগ্রগতি ইত্যাদি সরেজমিন পর্যবেক্ষণ এবং উপস্থিত কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সিএজি এ কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শনকালে সেবাগ্রহীতা ও সেবাদানকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ওয়ান স্টপ সার্ভিসে সেবাদানকারী কর্মকর্তা/কর্মচারীদের নির্দেশনা প্রদানকালে পেনশনাররা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এবং পদ-পদবি মাথায় না রেখে সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিত পেনশন-সংক্রান্ত সেবাগ্রহীতাদের কাছে সেবাপ্রাপ্তির বিষয়ে অভিব্যক্তি জানতে চান।

পরিদর্শন শেষে সিএজি এসএফসি (নেভি) ডা. তানজিনা ইসলামের সঙ্গে বৈঠককালে অফিস ব্যবস্থাপনা ও সেবার মান বৃদ্ধিতে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন এবং সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। পরিদর্শনকালে সিজিডিএফ কামরুন নাহার, এসএফসি (আর্মি) মো. রেফায়েত উল্লাহ, জেএফসি সেলিনা খন্দকার, ডিএফসি মো. ফজলুর রহমান, ডিএফসি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর