বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ এক চরম অন্ধকারে নিমজ্জিত হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভয়াবহ নৈরাজ্য চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। তামাশা করা হচ্ছে বাংলাদেশের জনগণের সঙ্গে।’ গতকাল বুধবার রাজধানীর গুলশানে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সীমান্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আর গতকাল বাংলাদেশের ৩টি ছাগল নাকি তাদের
(ভারতের) সীমানার ভেতরে গেছে, সে তিনটি ছাগল ধরে পতাকা বৈঠক করে ফেরত দিয়েছে বিএসএফ। সরকারের প্রতিবাদ করার সাহস নেই। তারা হাত গুটিয়ে বসে আছে। এই পরিস্থিতি চলতে পারে না। বাংলাদেশের জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না।’
দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন করে আওয়ামী লীগ মনে করেছে তারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। কারণ এ ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে।’