ধানমন্ডিতে নজরুল সরোবর নির্মাণের উদ্যোগ

ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানকালে তিনি এ তথ্য জানান।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পরে এই ধানমন্ডি লেককে একটি নান্দনিক লেকে পরিণত করেছেন। ব্যাপক মহাপরিকল্পনা নিয়ে তিনি এটার অবকাঠামো উন্নয়ন এবং সুন্দর পরিবেশ করে দিয়েছেন। ধানমন্ডি লেককে আরও সুন্দর, নান্দনিক এবং আকর্ষণীয় করার জন্য আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ করছি। সংস্কারের জন্য এখন আমরা সিটি করপোরেশন থেকে আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। ধানমন্ডি ৩২ থেকে সাম্পান পর্যন্ত নতুন যে জায়গাটি আমরা দখলমুক্ত করেছি, সে জায়গায় এই রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। শিগগিরই এর কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নজরুল সরোবরের নকশা দেখে দিয়েছেন। তিনি নজরুল সরোবরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিতে চাই, কোনো ভবঘুরে এখানে থাকতে পারবে না। এখানে যে সব খাবার দোকান রয়েছে রাত সাড়ে ৯টার মধ্যে তাদের রান্না ঘর বন্ধ করতে হবে। সাড়ে ৯টার পরে কোনো খাবারের অর্ডার নেওয়া ও পরিবেশন করা যাবে না।

অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের এমপি ফেরদৌস আহমেদ বলেন, আমরা ধানমন্ডিবাসীকে ভালোবাসা দেখাব পরিচ্ছন্নভাবে। সেই হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে সকাল থেকেই কাজ শুরু হয়েছে। সারাদিন আজকে এখানে অভিযান চলবে। এটা কিন্তু এরকম নয় যে, আজকে শুরু করে কালকে থেকে বন্ধ হয়ে যাবে। এটা আজকে থেকে শুরু হলো, অন্তত আগামী পাঁচ বছর চলবে।