কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফি বাবদ ছাত্রীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহনাজ বেগম ছাত্রীদের মধ্যে বিনামূল্যে প্রবেশপত্র বিতরণ করতে বাধ্য হন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘ফরম পূরণের সময় সরকারি বিভিন্ন ফি ও কোচিং ফিসহ প্রত্যেক ছাত্রীর কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা করে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সময় প্রধান শিক্ষক ছাত্রীদের আশ্বস্ত করেছিলেন প্রবেশপত্র দেওয়ার সময় কোনো টাকা লাগবে না। এখন এসএসসি পরীক্ষার ঠিক এক দিন আগে প্রবেশপত্র বিতরণকে কেন্দ্র করে ৪০০ টাকা নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।’
প্রধান শিক্ষক সাহনাজ বেগম বলেন, ‘ছাত্রীরা বহিরাগত কতিপয় লোকের উসকানিতে এমন জটিল পরিস্থিতি তৈরি করেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, ‘প্রধান শিক্ষককে নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছে।’