দেশে দশ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে। এর ফলে এদেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার হতে বঞ্চিত হচ্ছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে অবৈধ বিদেশি খেঁদাও আন্দোলন নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
তিনি বলেন, বেকারত্বের সমস্যা এমন আকার ধারণ করেছে যে এদেশে নাগরিক কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে। আর অন্যদিকে বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে দেশের টাকা পাচার করছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধংস হচ্ছে আর মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
সরোয়ার হোসেন আরও বলেন, বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা ২০১৭ সাল থেকে প্রতি বছর ১০.২ বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে নিয়ে যাচ্ছে। অবৈধ হওয়ার কারণে তারা ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে টাকা পাচার করছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধংস হচ্ছে আর মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। তারপরও আমাদের রাষ্ট্র বা সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহ এর কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি ও সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ মহসিন রশিদ বলেন, যারা আমাদের এজেন্সিগুলোতে কাজ করেন তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই দেশটাকে রক্ষা করা। বাংলাদেশের জন্য যা করা দরকার সেটাই আপনাদের করতে হবে। আমি সবাইকে আহ্বান করব আপনারা এগিয়ে আসেন, আমাদের সঙ্গে যোগ দেন, সহায়তা করেন।