নাদালের মতে সর্বকালের সেরা জকোভিচ

টেনিস ইতিহাসে সেরা খেলোয়াড় কে? প্রশ্নটি করা হয়েছিল টেনিসের সর্বকালের সেরাদের অন্যতম একজন রাফায়েল নাদালকে। তার জবাব, নোভাক জোকোভিচ।

স্প্যানিশ টিভি ‘লাসেক্সতা’র অনুষ্ঠান ‘এল অবজেকতিভ দে লা সেক্সতা’য় এমন কথা বলেন নাদাল। ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ কিংবদন্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, কে সেরা?  উত্তরে নাদাল বলেন, ‘নোভাক জকোভিচ। পরিসংখ্যান সেটাই বলছে। আমার কাছে সেই (ইতিহাসের সেরা)।’

সার্বিয়ান কিংবদন্তি জকোভিচ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষ টেনিসে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম আর কেউ জেতেননি। টেনিসে ২৪ গ্র্যান্ড স্ল্যাম আছে মার্গারেট কোর্টের। আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই নারী-পুরুষ মিলিয়ে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন জকোভিচ।

নানা কারণে কোর্টের বাইরে বিতর্ক হয় জকোভিচকে নিয়ে। এ বিষয়ে নাদাল বলেন, ‘সে আসলে যেমন, তার ভাবমূর্তিটা সে তুলনায় খারাপ। আমার মতে সে (জকোভিচ) ভালো মানুষ। হ্যাঁ, হতাশার মুহূর্তও আছে। নোভাক র‌্যাকেট ভেঙে ফেলে।’

৩৭ বছর বয়সী নাদাল চোটের সঙ্গে লড়াই করছেন।

টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবেক এই খেলোয়াড় গেল বছর বলেছিলেন, যত দিন রাফায়েল নাদাল খেলা চালিয়ে যাবেন, তত দিন জোকোভিচকে ‘সর্বকালের সেরা’ বলার সুযোগ নেই।