তিন মাসেই 'প্রফেসরের' চাকরি নট

বিশ্বকাপের পর টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তিন মাস না যেতেই বৃহস্পতিবার বিদায় বলে দেওয়া হয়েছে তাকে।
মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যান হয়ে সবকিছু শুরু করতে চান নতুনভাবে। এজন্যই কোপটা পড়ল হাফিজের ওপর।
হাফিজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানাতে গিয়ে অবশ্য ‘ছাঁটাই’, ‘সম্মতির ভিত্তিতে আলাদা হয়ে যাওয়া’ বা এ–জাতীয় কোনো শব্দ ব্যবহার করেনি পিসিবি। বোর্ডের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক বার্তায় হাফিজকে তার কাজের জন্য ‘ধন্যবাদ’ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।
মিকি আর্থারের পরিবর্তে দায়িত্বটা টিম ডিরেক্টরের হলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের প্রধান কোচ ছিলেন খেলোয়াড়ী জীবনে সতীর্থদের কাছে 'প্রফেসর' নামে পরিচিত হাফিজ। সিরিজ দুটির ব্যর্থতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন হাফিজ। জিও নিউজ জানিয়েছে, নাকভি সেটা দেখাতে সময় পর্যন্ত দেননি হাফিজকে।
পাকিস্তান দুটি সিরিজেই হারে বড় ব্যবধানে—অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩–০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি–টোয়েন্টির সিরিজ ৪–১ ব্যবধানে। বিভিন্ন সূত্র জানায়, সফর দুটির সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাফিজের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে দল পরিচালনায় তার বিভিন্ন সিদ্ধান্ত ও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিষয়ে ধীর ও দ্বিমুখী নীতিতে অনেকেই তাঁর ওপর অসন্তুষ্ট ছিলেন। এ ছাড়া কখনো কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা হাফিজকে দুটি বড় সফরে দায়িত্ব দেওয়ার বিষয়ে পিসিবির অভ্যন্তরেও আপত্তি ছিল।
এ সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাফিজের সম্পর্কের অবনতির খবর আসে মিডিয়ায়। কোচিংয়ের অভিজ্ঞতা না থাকায় তার ওপর এমনিতেও অসন্তুষ্ট ছিল পিসিবির একটা পক্ষ। সবমিলিয়ে তিন মাসের মাথায় সরে যেতে হল তাকে।