সড়কে অবৈধ স্ট্যান্ড বসিয়ে মাসে চাঁদাবাজি ১৫ লাখ

চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড বসিয়ে রমরমা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। হাজীগঞ্জ বাজারে সড়কটির মাত্র ৭৫০ মিটারের মধ্যে ব্যাঙের ছাতার মতো ৮টি অবৈধ অটোস্ট্যান্ড বসিয়ে মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা আদায় করছে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী। যার অধিকাংশই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে, প্রশাসনের বেশ কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে চলে এসব অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডের কারণে হাজীগঞ্জ বাজারে প্রতিনিয়ত তীব্র যানজট লেগেই থাকে। এতে যাত্রী, চালক ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড চৌরাস্তা থেকে পূর্ববাজার সেতু পর্যন্ত সড়কের মধ্যে ৮টি অটোস্ট্যান্ড রয়েছে। শুধু বিশ্বরোড এলাকায় তিনটি অবৈধ স্ট্যান্ড। হাজীগঞ্জ থেকে চাঁদপুর লঞ্চঘাটের উদ্দেশে যাওয়া সিএনজি স্ট্যান্ডের দেখভাল করেন মোস্তফা নামে একজন। ৫০ টাকা করে প্রতিদিন ২ শতাধিক গাড়ি থেকে এই স্ট্যান্ডে ৫ থেকে ৭ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। হাজীগঞ্জ থেকে রামগঞ্জ ও লক্ষ্মীপুর যাওয়া সিএনজি স্ট্যান্ড দেখভাল করেন সুজন। প্রতি সিএনজি থেকে ৩০ থেকে ৫০ টাকা করে দৈনিক ৫ থেকে ৬ হাজার টাকা চাঁদা আদায় হয় এই স্ট্যান্ডে। বিশ্বরোড থেকে কচুয়ার উদ্দেশে যাওয়া স্ট্যান্ডে দৈনিক ৪ থেকে ৭ হাজার টাকা চাঁদা তোলেন টিটু নামের একজন। এ ছাড়া শেখ সিটির সামনের স্ট্যান্ডে খোকন নামের একজন দৈনিক ৪ থেকে ৬ হাজার টাকা চাঁদা ওঠান। হোটেল শেরাটনের পাশের স্ট্যান্ডে খোকন ওঠান ২ থেকে ৩ হাজার টাকা। মডেল কলেজ রোডে খোকন নামের একজন ওঠান দৈনিক ৫ থেকে ৭ হাজার টাকা। থানা রোডের স্ট্যান্ড থেকে শাহ আলম ও পেয়ার ওঠান দৈনিক ৪ থেকে ৫ হাজার টাকা। পূর্ববাজারে টপটেন শোরুমসংলগ্ন স্ট্যান্ড থেকে মিঠু নামের একজন তোলেন প্রতিদিন ৫ থেকে ৭ হাজার টাকা চাঁদা।

চাঁদা আদায়কারী কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কেউ কথা বলতে রাজি হননি।

বেশ কয়েকজন সিএনজিচালক নাম প্রকাশ না করে বলেন, এই চাঁদা নেওয়া হয় স্ট্যান্ডের সিরিয়াল মেনটেইন করার কথা বলে।

ট্রাফিক ইন্সপেক্টর বোরহানউদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসন যদি সহায়তা করে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব এসব অবৈধ স্ট্যান্ড বন্ধ করার জন্য।’

উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, ‘এসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’