ভোটকেন্দ্র রাখার দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খুটারচর এবতেদায়ি মাদ্রাসায় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ-তাড়াটিয়া সড়কের খুটারচর তিন রাস্তার মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. শাহজামাল, মনোয়ার হোসেন, আবদুল মুন্নাফ মিয়া, আব্দুল হাকিম, জাকিয়া খাতুন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ৩৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুটারচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে আসছে। একই ওয়ার্ডের পোল্লাকান্দী গ্রামের ভোটারদের দাবিতে পোল্লাকান্দী উচ্চ বিদ্যালয়ে পৃথক আরেকটি ভোটকেন্দ্র করা হয়। এরপর থেকে দুই কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এবারের নির্বাচনে খুটারচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রটি বাতিল করা হয়। ভোটারদের ভোগান্তি দূর করতে আগের মতো খুটারচর এবতেদায়ি মাদ্রাসায় ভোটগ্রহণের দাবি করেন। তা না হলে ভোট বর্জনের হুমকি দেন তারা।