মারধর করে বরপক্ষকে তাড়াল সাবেক প্রেমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আসর থেকে কনেকে উঠিয়ে নিতে প্রাক্তন প্রেমিক কাউসার তার বাহিনী নিয়ে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় কাউসারসহ তার লোকজন বরপক্ষের গাড়ি ভাঙচুর ও তাদের মারধর করে কনের বাড়ি থেকে তাড়িয়ে দেন। হামলায় অন্তত আটজন আহত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কনের বাবা জানান, ভুলতা ভায়েলা এলাকার কাউসার নামের এক যুবক তার মেয়েকে (১৮) দীর্ঘদিন উত্ত্যক্ত করে আসছিলেন। কাউসার ভুলতা এলাকায় ফুটপাত থেকে চাঁদাবাজি করে বেড়ান। কাউসারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার দুপুরে বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে কাউসার, তার লোকজন পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মেয়েকে জোর করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন পরিবারের লোকজন বাধা দিলে তারা হুমকি-ধমকি দিয়ে চলে যান। পরদিন বুধবার বিকেলে বরযাত্রী কনের বাড়িতে এলে কাউসার ও তার লোকজন পিস্তল-রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। বরপক্ষকে রক্ষায় কনের বাড়ির লোকজন এগিয়ে এলে বর ও কনেপক্ষের আটজন আহত হয়। হামলাকারীরা বরপক্ষের লোকজনকে মারধর করে কনের বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ সময় তারা বরপক্ষের জন্য রান্না করা খাবার ফেলে দেন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বর্তমানে মেয়ে ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মেয়েটির সঙ্গে কাউসারের প্রেমের সম্পর্ক থাকলেও এখন নেই। সম্পর্ক না রাখায় কাউসার তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।

অভিযুক্ত কাউসার বলেন, ‘তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। বরযাত্রীদের ওপর হামলার ঘটনা মিথ্যা।’

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’