পাবনার বেড়ায় মহরম আলী হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আব্দুর রশিদ। ১৩ বছর পলাতক থাকা রশিদ ৬টি মামলার আসামি। গত বুধবার রাতে আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পারভেজ রানা।
র্যাব কর্মকর্তা জানান, ২০১০ সালে পাবনার সাঁথিয়া উপজেলার ফেসুয়ান গ্রামের মাজেদ শেখের মেয়ে নাছিমার পাবনা জেলা সদরে বিয়ে হয়। পরে সাঁথিয়া উপজেলার মহরম আলীর সঙ্গে নাছিমার প্রেমের সম্পর্ক হওয়ায় নাছিমা আগের স্বামীর ঘর থেকে পালিয়ে এসে তাকে বিয়ে করেন। কিন্তু নাছিমার পরিবার বিষয়টি মেনে নিতে পারেনি। মহরম আলীকে আটক করে বেড়ার গোপীনাথপুরে নাছিমার খালার বাড়িতে নিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় ভাই মো. জাকির হোসেন আব্দুর রশিদসহ কয়েকজনের নাম উল্লেখ করে বেড়া থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন রশিদ।