কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত দুই শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নু মারমা মং।
জানা গেছে, জেলার বরুড়া উপজেলার আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে নকল করে দুই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলো। এসময় তাদের হাতেনাতে ধরে কেন্দ্র সচিব রেহানা বসরী বহিষ্কার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- নার্গিস আফজাল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোস্তফা আলম ও বাড়াইপুর দারুসসুন্নহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমির হোসেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।