স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অস্ত্র নিয়ে ঢোকার অবস্থা নেই।’
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘পুরো মিয়ানমারে শুধু আরাকান আর্মি নয়, অনেকগুলো বিদ্রোহী গ্রুপ জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরে আমাদের এ অঞ্চলে যুদ্ধ করছে। যুদ্ধের কারণে এ অঞ্চলে কিছু গোলাগুলির শব্দ আসছে। সেখান থেকে সরকারি বাহিনী, সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেশ কয়েকজন সদস্য আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে এসেছেন। আমরা বিজিবির ফোর্স বাড়িয়েছি। কোস্টগার্ড, নৌ বাহিনী ও পুলিশ সজাগ রয়েছে।’
ড. ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি আদালতের ব্যাপার। আদালত যে আদেশ আমরা তাই বাস্তবায়ন করছি।’
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনী সারা বাংলাদেশে অবাধ নির্বাচন উপহার দিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। যেটি প্রধানমন্ত্রীরও একটি অঙ্গীকার ছিল, অবাধ, সুন্দর নির্বাচন হওয়ায়। শুধু দেশবাসী নয়, সারা পৃথিবীর সবাই এটা লক্ষ করেছে, একটি সুন্দর নির্বাচন হয়েছে।