এ সপ্তাহে বেশ কিছু ওয়েবফিল্ম ওয়েব সিরিজ দর্শকরা দেখছেন। গুন্টুর কারাম ও ভক্ষক হিন্দি ভাষায় উপমহাদেশের দর্শকরা দেখছেন। একই সঙ্গে দেখছেন ইংরেজি ভাষার ওয়েব ফিল্ম আপগ্রেডে। ডক্টর স্ল্যাম্পের পাশাপাশি বাংলা ভাষার কেমিস্ট্রি মাসিও দুই বাংলার দর্শকরা এ সপ্তাহে দেখছেন। আমরা আজ ‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে কথা বলতে পারি।
গল্পটা মূলত যেখানে পঞ্চাশোর্ধ্ব একজন গৃহবধূ ইউটিউবার হতে চাইছেন। এমনই সূত্র ধরে গল্প এগিয়ে যায় ‘কেমিস্ট্রি মাসি’র। সক্রিয় রাজনীতিতে প্রবেশের পর অভিনয় ক্যারিয়ারে বিরতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবশ্রী রায়। রাজনীতির আঙিনা থেকে সরে এসে ফের টেলিভিশনের পর্দায় ফেরেন সাবেক এই বিধায়ক। ‘সর্বজয়া’ সিরিয়ালের হাত ধরে প্রায় আড়াই দশক পর টিভির দুনিয়ায় কামব্যাক করছিলেন দেবশ্রী, শুরুটা ভালো হলেও ধীরে ধীরে জনপ্রিয়তা হারান। মাত্র ৯ মাসেই ইতি পড়ে গল্পে! তবে এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাচ্ছে দেবশ্রীকে, ‘কেমিস্ট্রি মাসি’ হিসেবে।
এই সিরিজে এক মাঝবয়স্কা ভ্লগারের চরিত্রে দেখা যায় দেবশ্রীকে। রসায়নকে বড্ড ভালোবাসেন তিনি, তাই তো রান্নার ভিডিওর মাধ্যমে কেমিস্ট্রির প্রতি ভালোবাসা জাহির করেন। রান্নাঘরেই ব্ল্যাকবোর্ড আর চক নিয়ে রেডি তিনি। চিকেনের পদ তৈরির আগে তার প্রশ্ন, ‘যে পরিমাণে চিকেন, দই আর মসলা মেশালাম রান্নার আগে তার যা ওজন ছিল, রান্নার পরেও কি তার ওজন সমান? যদি না হয় তাহলে বাকি জিনিসগুলোর ওজন কোথায় গেল?’
এই প্রশ্নের উত্তর দিতে কেমিস্ট্রি মাসি শেখাবেন, ‘ল’স অফ কেমিক্যাল কম্বিনেশন’। তার কথা, ‘পরীক্ষা, প্রেম বা পেটপূজা কেমিস্ট্রি কিন্তু মাস্ট’।
সিরিজে দেবশ্রীর লুক একদম স্মার্ট। পরনে হ্যান্ডলুম শাড়ি, হাতে স্মার্ট ওয়াচ, চোখে চশমা। রান্নাঘরেই রসায়নের বই হাতে পাঠ দিতে প্রস্তুত তিনি। সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজে রয়েছেন ছোটপর্দার একঝাঁক তারকা। স্বস্তিকা দত্ত, সপ্তর্ষি মৌলিক, ইপ্সিতা মুখোপাধ্যায় এবং সৌম্য মুখোপাধ্যায়কে দেখা যাবে দেবশ্রীর সহশিল্পী হিসেবে।