টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসাশিক্ষক আব্দুল হকের (৬৫) পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানার পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার সারপলশিয়া গ্রামের আব্দুল বারেক ও তার স্ত্রী জয়নব বেগম এবং একই গ্রামের ফারুক।
গতকাল শুক্রবার বিকেলে সারপলশিয়া এলাকায় অভিযুক্ত জয়নব বেগমের ঘরের পাশ থেকে বালুর নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল হক উপজেলার পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের মো. বারেকের স্ত্রী জয়নব বেগম পাওনা টাকা দেওয়ার জন্য আব্দুল হককে ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। রাতে বাড়িতে না ফেরায় শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেন আব্দুল হকের স্ত্রী আয়শা খাতুন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হকের মরদেহ উদ্ধার করে।