সরকার নতুন করে দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, সরকারের ছত্রছায়া থাকা লোকেরা একদিকে ব্যাংক লোপাট করছে, টাকা পাচার করছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে।
গত বৃহস্পতিবার নোবেলজয়ী ড. ইউনূসের প্রতিষ্ঠানগুলোতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তার চাক্ষুস প্রমাণ।
গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘ব্যাংক লোপাট ও অর্থ পাচারের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মঞ্চের নেতারা এ সব কথা বলেন।
তারা বলেন, ‘সরকার তার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা বিরোধীদের দমন-পীড়নে ব্যবহার করছে। আর সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো যারা লোপাট করেছে তাদের বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না।
ড. ইউনূসের পরিচালনাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার সরকারি পৃষ্ঠপোষকতায় যে তৎপরতা চলছে তার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সরকারি ছায়াতলের বাইরে থাকা যেকোনো মানুষের জীবন ও সম্পদকে তারা নিরাপত্তাহীন করে তুলেছে। আর অবিরাম এই লুটপাটের জন্য পুরো রাষ্ট্রকে তারা ব্যবহার করছে।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।