সাভারে বন্ধুর বাসায় বেড়াতে এসে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আবির মাশরুর ডায়মন্ড (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশের খাগান এলাকায় এ ঘটনা ঘটে। সকালে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ বলছে, নিহত আবির মাশরুর বগুড়া জেলার শাহজাহানপুর থানার লতিফপুর কলোনি এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার তিনি খাগান এলাকার ওই বাসায় বেড়াতে আসেন। বাসাটিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী থাকেতন। তাদের ভাষ্য, ভোররাতে এক বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য ছাদে যান আবির মাশরুর। একপর্যায়ে পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আসিফ শাহরিয়ার বলেন, আমার ভাই বৃহস্পতিবার সাভারে তার বন্ধুদের বাসায় বেড়াতে যায়। শুক্রবার সকালে তার বন্ধুরা জানায়, আবির ভবনের ছাদ থেকে পড়ে গেছে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. দিদার হোসেন বলেন, কীভাবে তিনি ছাদ থেকে পড়ে মারা গেলেন, তা তদন্ত না করে বলা যাচ্ছে না।