সোনারগাঁয়ে আধিপত্যের সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পারভেজ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ওই সংঘর্ষ বাধে। এ সময় টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের আরও অন্তত আটজন আহত হন।

নিহত পারভেজ কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে। 

এলাকাবাসী জানায়, কান্দারগাঁও গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও জসীমউদ্দীনের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল জুমার নামাজের পর সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জাকিরপক্ষের পারভেজ, রুহুল আমিন, হৃদয়, রিটন, আক্তার হোসেন এবং জসীমউদ্দিনপক্ষের দেলোয়ার, জামান, কামাল ও মহসিন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ হোসেন মারা যান। আহতদের মধ্যে নিহত পারভেজের বাবা মোতালেব ও রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রুহুল আমিনের বড় ভাই জাকির হোসেন।