তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। তরুণ প্রজন্ম ওয়াজেদ মিয়ার আত্মজীবনীসহ লিখিত গ্রন্থগুলো পড়লে বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে পরমাণুবিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ড. ওয়াজেদ মিয়া ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। স্বাধীনতা সংগ্রামসহ পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ড. ওয়াজেদ মিয়ার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক পরমাণুবিজ্ঞানীকে পেয়ে পীরগঞ্জবাসী গর্বিত।’

তিনি আরও বলেন, ‘রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ড. ওয়াজেদের নামে রংপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতষ্ঠিত হয়েছে। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের জন্য অনুুকরণীয়।’