রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন, সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)।
গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্যটি জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি মহসীন জানান, গ্রেপ্তারকৃতরা বাসের ভেতর যাত্রীর উপর বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই করতেন। তাদের সঙ্গে কিছু গাড়ি চালক ও হেলপার জড়িত। তাই ছিনতাইকৃত টাকার একটি অংশ তাদেরও দিতে হয় বলে দাবি করেন গ্রেপ্তার দুইজন।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপে মোট পাঁচজন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করেন। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করেন। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরেন। এরপর একজন তার উপর বমি করে দেন। এ সময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করলে বাকি দুইজন কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল হাতিয়ে নেন। এক্ষেত্রে কেউ যদি তাদের কাউকে দেখে ফেলে বা ধরে ফেলে তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান। আর কেউ ধরা খেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়েও পালিয়ে যান। তারা নিয়মিত বাসে এই কাজ করেন। ফলে বেশ কিছু ড্রাইভার ও হেলপার তাদের চেনে। এসব ড্রাইভার ও হেলপার তাদের সহযোগিতা করে এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারীরা।
তিনি আরও জানান, গতকাল শুক্রবার একই কায়দায় একটি বাসে উঠেন বমি পার্টির সদস্যরা। তাদের কেউ একজনের মাথায় বমি করে দেন। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি দেখে ফেললে উল্টো তাকেই ছিনতাইকারী বলে মারতে থাকেন তারা। পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে আসলে তিনজন পালিয়ে যান। সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।