পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে আজ (১৭ ফেব্রুয়ারি) বিক্ষোভের ডাক দিয়েছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দল। বিক্ষোভের জন্য স্থানও ঘোষণা করেছে পিটিআই। শান্তিপূর্ণ বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে প্রসাশন। খবর পাকিস্থানি সংবাদ সংস্থা ডনের।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার জন্য শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামাবাদ জুড়ে টহল বাড়ানো হয়েছে এবং চেকপয়েন্টগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। জরুরি এবং যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। সেখানে টহল অব্যাহত রেখেছে তারা।
এর আগে বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।