মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে বিএসএফর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৪)। সে দলদলী ইউনিয়নের ৪ নম্বর কলোনীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। জাহাঙ্গীর নদীতে মাছ ধরার কাজ করতো।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সকালে জাহাঙ্গীর আলম ভোলাহাটের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর ভারতীয় সীমান্ত অংশে ঢুকে পড়ে। এসময় ভারতের মনসামাথা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ডান হাতে গুলি লাগে।

তিনি জানান, ভোলাহাটে মহানন্দা নদীর একটা বড় অংশই ভারতীয় এলাকার মধ্যে পড়ে। ঘটনার পর বিজিবি ও বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।