পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ও গামরবুনিয়া গ্রামের জমি পরিদর্শন করে তারা। এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলামের নেতৃত্বে নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধিসহ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলাম বলেন, পায়রা বন্দর, পাওয়ার প্লান্ট, পর্যটন কেন্দ্র কুয়াকাটা গুরুত্বপূর্ণ এ অঞ্চলটিতে রয়েছে। এ এলাকায় খাস জমিও রয়েছে অনেক। ফলে খুব আবাদি জমি নষ্ট না করে এখানে বিমানবন্দর করা যায়। সরকারের কাছে প্রাথমিকভাবে এ প্রতিবেদন দাখিল করা হবে। তবে এখানে বিমানবন্দর নির্মাণ হবে কি-না সেটা সরকার নির্ধারণ করবে।