ন্যাশনাল ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ঢাকা উত্তর অঞ্চলের শাখার বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল আলম খান এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন, শেখ আকতার উদ্দীন আহমেদ এবং ইমরান আহমেদ। এছাড়াও প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের প্রধানগণ এই সম্মেলনে উপস্থিত ছিলেন। 

উক্ত সম্মেলনে চলতি বছরের কর্মপরিকল্পনা ও বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা সহ বিশদ আলোচনা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণিকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।