শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘রূপবান’ খ্যাত নায়িকা সুজাতা আজিম। চিকিৎসা শেষে গতকাল ১৬ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন তিনি। তবে ডাক্তার জানিয়েছেন, তার হার্টে ব্লক রয়েছে। আপাতত কয়েকদিনের বিশ্রাম থাকলেও দ্রুত ব্লক অপসারণ করতে হবে।
সুজাতার নাতি ফারদিন আজিম বলেন, গতকাল দাদিকে বাসায় নিয়ে আসা হয়েছে। বিশ্রামের পাশাপাশি ঔষধ চলছে। চেষ্টা করা হচ্ছে ঔষধের মাধ্যমেই ব্লক সরানোর। সেটা না হলে হয়তো রিং পরাতে হবে। তিনমাস পর ডাক্তার সিদ্ধান্ত নেবেন।’
উল্লেখ্য, গেল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছেন। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ বোধ করেন। বাসায় ফেরার পর তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে থাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
উল্লেখ্য, ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক।
মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন সুজাতা। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্র দিয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। তার আসল নাম তন্দ্রা মজুমদার।
সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি।