সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪- ২০২৫ মেয়াদের নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপি ও সমমনাদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ দুই প্রার্থী এর আগে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নীল প্যানেলের সহ-সভাপতি পদে (২টি পদ) অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির মঞ্জু ও অ্যাডভোকেট সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে (১টি পদ) অ্যাডভোকেট মো. রেজাউল করিম, সহ-সম্পাদক পদে (২টি পদ) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট মো. আব্দুল করিমকে মনোনয়ন দেওয়া হয়।
এছাড়া সদস্য পদে (৭টি পদ) অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহি অভি, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ, অ্যাডভোকেট মো. আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ও অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট বারে দুদিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মেলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর ও সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।