বাসায় চিকিৎসা নিচ্ছেন কারামুক্ত মির্জা ফখরুল

গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মহাসচিব শ্যামলীর বাংলাদেশ স্পেশাললাইজড হাসপাতালে যান বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, ‘কারাবন্দি অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ৬ কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিলো। আজকে বিকেলে উনি স্পেশাললাইজড হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তার প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো। বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার আরেকটি পরীক্ষার জন্য একই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে যায়। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন দুপুরের আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড়ে পড়ে। প- হওয়া সমাবেশ থেকেই পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আর আমির খসরু মাহমুদ চৌধুরীকে ২ নভেম্বর রাতে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।