শহরের ডেপুটেশন থেকে আজ রবিবার ২৬ জন চিকিৎসক, নার্স ও কর্মচারী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা হাসপাতালে যোগ দেবেন। বেতন-ভাতা বন্ধের সুপারিশ করে তাদের নিজ কর্মস্থলে ফিরিয়ে আনছেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ মাজহারুলের ইসলাম সুজন। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার এবং হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম উজ্জামান আজ তাদের কর্মস্থলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুই কর্মকর্তা জানান, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক, ১৭ জন নার্স ও সাতজন কর্মচারী স্ব স্ব কর্মস্থল ছেড়ে ডেপুটেশন নিয়ে জেলা শহরের হাসপাতালে কাজ করছিলেন। ফলে সীমান্তবর্তী দুই উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা বিঘ্ন ঘটে।
ওই দুই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় কমিটির সভাপতি সাংসদ মাজহারুল ইসলামের সামনে বিষয়টি তুলে ধরলে তিনি ডেপুটেশনে থাকা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রাখার সুপারিশ করে পত্র পাঠান সিভিল সার্জনের দপ্তরে। পত্র পাওয়ার পর সিভিল সার্জন গত বৃহস্পতিবার তাদের ডেপুটেশন বাতিল করে স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেন।