পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

গ্রেপ্তাররা হলেন নগরকান্দা উপজেলার সুতারকান্দা এলাকার মিরান মোল্যা, পুড়াপাড়া এলাকার আক্কাছ মোল্যা ও সালথা উপজেলার পুরুরা গ্রামের বিল্লাল মাতুব্বর।

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখা জানতে পারে, একটি প্রতারকচক্র কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের অভিভাবকদের প্রতারিত করছে। সাধনা বিশ্বাস নামে এক নারীর মেয়ে দীপা রাজবংশী কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশী ছিলেন। প্রতারকচক্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে তার সঙ্গে আট লাখ টাকা চুক্তি করে এবং স্ট্যাম্প ও চেক নিয়ে নেন। পরে দেখা যায়, তার মেয়ের চাকরি হয়নি। বিষয়টি পুলিশ জানার পর বাদীকে কোতোয়ালি থানায় এনে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।