সড়কে প্রাণ গেল ৪ জনের

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় প্রাণ হানিয়েছেন মা ও ছেলে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছেলে তার মাকে নিয়ে মোটরসাইকেলে গোপালপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। নিহতরা হলেন উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

এদিকে টাঙ্গাইলের মধুপুরে দুটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বোয়ালী এলাকার বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার তানভীর হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর হাসান ও মারুফ হাসান ধনবাড়ী থেকে মোটরসাইকেলে মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বনি আমিন অরেঞ্জও মোটরসাইকেলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুটি মধুপুর-জামালপুর মহাসড়কের নেকিবাড়ী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁওয়ে অটোরিকশাচালক নিহত: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার নাম  মানিক (৩০)। গতকাল শনিবার দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামে গফরগাঁও টু বরমী সড়কে ঘটনাটি ঘটে।

তিনি উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

জানা যায়, মাইজবাড়ী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে পাগলা যাওয়ার পথে লংগাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান।

এ ঘটনায় নারগিছ (৫০), ছনিয়া (৩৫) ও রতন মিয়া (৬০) গুরুতর আহত হন। এর মধ্যে নারগিছ ও রতন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।