সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপি ও সমমনাদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গতকাল শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ দুই প্রার্থী এর আগে সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নীল প্যানেলের সহসভাপতি পদে (দুটি পদ) মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে (একটি পদ) মো. রেজাউল করিম, সহসম্পাদক পদে (দুটি পদ) মাহফুজুর রহমান মিলন ও মো. আব্দুল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া সদস্য পদে (সাতটি পদ) ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট বারে দুই দিনব্যাপী ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে আইনজীবী শাহ মঞ্জুরুল হককে প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে।