পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির লিফলেট বিতরণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার পুলিশের বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা বিএনপি। নগরীর রাজবাড়ি রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় জেলা বিএনপি নেতারা ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক লিফলেট বিতরণ করেন।

নেতাকর্মীরা জানার, গতকাল শনিবার সকালে লিফলেট বিতরণ শুরু করে গাজীপুর জেলা বিএনপি। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন জেলা শহরের দলীয় কার্যালয়ে। লিফলেট বিতরণ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা শাজাহান ফকির, শাখাওয়াত হোসেন, আজিজুর রহমান, শাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।