দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক সালাহ উদ্দিন শুভ্রর বাবা বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার শুভ্রর বাবা জ্বরে আক্রান্ত হন এবং ডাক্তার দেখান। এর কয়েক দিন আগেই তারা পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়িতে যান।
ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনের খিল গ্রামের নিজ বাড়িতে আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বোরহান উদ্দিন আহমেদ নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ছোট ভাই। তিনি জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বোরহান উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশ রূপান্তর পরিবার। এক শোক বার্তায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।