রাজকোটে কাম্বলির স্মৃতি ফিরিয়ে আনলেন জয়সওয়াল

বিনোদ কাম্বলির স্মৃতি ফেরালেন যশস্বী জয়সওয়াল। পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন এই তরুণ ভারতীয় ব্যাটার।

ভাইজাগে প্রথম ইনিংসে ২০৯ রান করেছিলেন মুম্বইয়ের এই উঠতি তারকা। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে করেছেন অপরাজিত ২১৪ রান। ভারতের এই ওপেনারের ইনিংসে রয়েছে ১৪টি চার ও ১২টি ওভার বাউন্ডারি। তার মধ্যে আবার জেমস অ্যান্ডারসনকে পরপর তিন বলে তিনটি ছয় মেরেছেন।

শুধু ভারতীয় ওই ওপেনার নন, সরফরাজ খান আবারও দেখালেন তিনি বড় মঞ্চের ঘোড়া। ৭২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। আগের বারও হাফসেঞ্চুরি করেছিলেন সরফরাজ।

ভারতীয় দল ৪৩০ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। ইংল্যান্ডকে এই টেস্ট জিততে করতে হবে ৫৫৭ রান। যা সম্ভব নয়। রোহিতদের দরকার ইংল্যান্ডের দশ উইকেট।

পিঠের চোট সারিয়ে আবারও মাঠে ফিরে বাজিমাত করলেন যশস্বী। তিনি ২২ বছর ৪৯ দিনে ডাবল সেঞ্চুরি করেছেন। এর চেয়েও বয়সে পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলি।