সংরক্ষিত ৪৮ আসনে মনোনয়নপত্র জমা দিল আওয়ামী লীগ

সংরক্ষিত নারী আসনের ৪৮ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে রবিবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেয় দলটি।

এবারের সংরক্ষিত আসনে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছেন বলে জানিয়েছেন ওবায়দুল তাদের। তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় মনোনীত ৪৮ জন প্রার্থীর পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থক রয়েছে।

আগারগাওস্থ নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো ষড়যন্ত্র করলে, সন্ত্রাস করলে আমরা প্রতিরোধ করবো। অতীতে যেমন পাহারায় ছিলাম এখনো পাহারায় আছি।

বিএনপিকে নিষিদ্ধের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপি নিয়ে মাথাব্যথা নেই আওয়ামী লীগের।  তারা মুখে যা বলছে কার্যক্ষেত্রে তা দেখাতে পারেনি। দেশের মানুষকে তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারেনি। মানুষ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হয়। মানুষ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি।

তিনি বলেন, যুবলীগ বিএনপি নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়ে ইসিতে আবেদন করলেও এ বিষয়ে আওয়ামী লীগের কোনো চিন্তা নেই। যুবলীগ আমাদের একটা সংগঠন। তাদের স্বতন্ত্র একটা সত্তা রয়েছে। তারা দাবি করতে পারে। মূল দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ ধরনের চিন্তা ভাবনা করলে বলতাম। আমাদের কোনো নেতা এ বিষয়টি অবতারণা করেনি। আমাদের উদ্বেগও নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই।

এ সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।