তিন দিনের শিশু নিয়ে এসএসসি পরীক্ষায় মা, হাসপাতালে ভর্তি

তিন দিনের শিশুসন্তান নিয়ে এসএসসি পরীক্ষায় বসেন বৃষ্টি আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী। পরীক্ষার দুই ঘন্টার সময় বৃষ্টি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

বৃষ্টি কলমাকান্দা শহরের বজলুর রহমানের মেয়ে ও সুনামগঞ্জ জেলার তাহিরপুরের টেকেরঘাট এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী। আজ তিন দিনের সন্তানকে আত্মীয়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে যান। 

কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমান বলেন, বৃষ্টি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন পরীক্ষার্থী। রবিবার বাংলা দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষা অংশ নেয়। পরীক্ষার নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেয়া হয়। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর বৃষ্টি অসুস্থতা বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।