এশিয়ান ইনডোর থেকে দেশের জন্য রুপা এনে দিলেন জহির রায়হান

এশিয়ান ইনডোরে অ্যাথলেটিক্সে প্রথমবার ফাইনালে উঠেই পদক এনে দিয়েছেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান। তেহরানে ৪০০ মিটারের ফাইনালে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিংয়ে পৌছান তিনি। 

সন্ধ্যায় ৪০০ মিটারের ফাইনালে ছয় নম্বর লেনে দৌড়ান জহির। শুরুর দিকে এগিয়ে থাকলেও পরে একটু পিছিয়ে পড়েন তিনি। সেই ব্যবধান পরে আর ঘোঁচাতে পারেননি; দৌড় শেষ করেন ৪৮ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে। 

হিটে ৪৮ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন জহির।

এই ইভেন্টে ৪৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ইরানের সাজাদ আঘাই। তার চেয়ে দশমিক ১৫ সেকেন্ড সময় বেশি নেন জহির।

কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সোনা জিতেছিলেন জহির। ৪৭ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।