জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গ ছেড়ে এবার প্রকাশ্যে রওশন এরশাদের (একাংশের চেয়ারম্যান) মঞ্চে যোগ দিয়েছেন। রওশনের সমাবেশে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই রবিবার দুপুরে বাবলাকে কো-চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান জি এম কাদের। দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কো-চেয়ারম্যান বাবলা জাপার প্রতিষ্ঠাতা সদস্য। রাজনীতিতে তার দীর্ঘ অবদান। জাপার অনুষ্ঠানগুলোতে ঢাকায় যে জমায়েত হয়ে থাকে তার একটা বড় অংশ নিয়ে আসতেন আবু হোসেন বাবলা। তার রওশন এরশাদের পক্ষে চলে যাওয়া জি এম কাদেরকে চাপে ফেলবে কী না এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে বলেন, আমরা বিচলিত নয়।
তিনি বলেন, আমরা এতে ভীত নয়। মূল দলের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারে না, এই নজির তো আমাদের সামনেই আছে। ব্রাকেটে অনেকেই জাপা ব্যবহার করে দল করেছেন তাদের নাম ও বড় বড় ছিল কিন্তু রাজনীতিতে কেউ সফল হতে পারেননি।
আবু হোসেন বাবলাকে অব্যাহতির কারণ জানতে চাইলে মুজিবুল হক চুন্নু বলেন, অন্য ফোরামে গিয়ে দলের বিরুদ্ধে কথা বলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হঠাৎ রওশন এরশাদের পক্ষে যোগদান এবং জি এম কাদেরের পক্ষ ত্যাগের বিষয়ে আবু হোসেন বাবলা বলেন, আমি মূল জাপায় ফিরে এসেছি। যেখানে এরশাদের আদর্শের চর্চা হয় না সেখানে এরশাদ কর্মী থাকতে পারে না। জি এম কাদের জাপার কেউ নয়। তিনি অতিথি ছিলেন। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে থেকে জাপা প্রতিষ্ঠা করেছি।
এর আগে আজ রবিবার রওশন এরশাদ তার সমর্থক নেতা-কর্মীদের নিয়ে জাতীয় কাউন্সিল করার বিষয়ে গুলশানে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। সংবাদ সম্মেলনে আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলন বাস্তবায়নের জন্য কমিটি ঘোষণা করেন রওশন এরশাদ। এ সময় রওশনের পাশে প্রথমবারের মতো যোগ দেন আরেক কো চেয়ারম্যান কাজী ফিরোজ।
কাজী ফিরোজ ও বাবলা দলে ফেরায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন জানিয়ে রওশন এরশাদ বলেন, দলের প্রতিষ্ঠাকালীন নেতারা ও সারা দেশের এরশাদভক্ত নেতা-কর্মীরা আমার পাশে দাঁড়িয়েছেন। সবাই মিলে সুন্দর একটি সম্মেলন উপহার দিয়ে কমিটি ঘোষণা করব এবং দলে প্রাণ প্রতিষ্ঠা করব।