বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

বাগেরহাটের মোল্লাহাটে দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ২০ জন। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহত পান্না মোল্লা (৪০) মোল্লারকুল গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামের খাঁকি ও কাজী বংশের আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের জেরে রবিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাসেলুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের আধিপত্য নিয়ে স্থানীয় খাঁকি ও কাজী বংশের বিরোধ বেশ পুরনো। সেই বিরোধের জেরে রবিবার বিকেলে মোল্লারকুল হাটে কাজী বংশের দুই সমর্থকের সঙ্গে খাঁকি বংশের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। পরে তারা ঢাল সড়কি, ইট-পাটকেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে সুজজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশের ছয়জন সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, পান্না মোল্লা গুলিতে না দেশীয় অস্ত্রের আঘাতে মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।