'স্ত্রী ও মেয়েকে মনোনয়ন না দেওয়ায় দল ছেড়েছেন বাবলা ও ফিরোজ'

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ তাদের স্ত্রী ও মেয়েকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার জন্য চেষ্টা-তদবির করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া না হলে তারা জি এম কাদেরের সঙ্গ ছেড়ে রওশন এরশাদ শিবিরে যোগ দেন।

আজ রবিবার রাতে রেজাউল ইসলাম ভুঁইয়া দেশ রূপান্তরকে এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টির রাজনীতি করে এই দুই নেতা এরশাদ আমল থেকে সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন। দল ও সরকারে গুরুত্বপূর্ণ পদ পদবি পেয়েছেন। কিন্তু এতেও তারা সন্তুষ্ট হতে পারেননি, তাদের আরও লাগবে।

কোনো ধরনের শোকজ নোটিশ ছাড়া দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে অব্যাহতি দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে পড়ে কী না এমন এক প্রশ্নে জাপার এই প্রেসিডিয়াম মেম্বার বলেন, আওয়ামী লীগ ও বিএনপিও একই পদ্ধতিতে দলের বিরুদ্ধে অবস্থান নিলে বহিষ্কার করে থাকে। তিনি অভিযোগ করেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের যখন নির্বাচনে না যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তখন সবার আগে কাজী ফিরোজ ও আবু হোসেন বাবলা দলকে নির্বাচনে নিয়ে যেতে চাপ প্রয়োগ করেন। আর এখন এই দুই নেতাই আবার নির্বাচনে যাওয়া নিয়ে অভিযোগ তুলছেন।

এর আগে রবিবার দুপুরে রওশন এরশাদের ডাকা সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে অংশ নেন আবু হোসেন বাবলা। এর কিছুক্ষণ পর তাকে দল থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া কাজী ফিরোজ রশীদ আগেই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।