ডোবা থেকে বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে বিলের মধ্যে ডোবা থেকে অজ্ঞাত (৩০) নারীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর ভেকুয়া বিলের ডোবায় সকালে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে মুখ খোলা ভাসমান একটি বস্তায় মানুষের মুখম-ল দেখতে পান। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, ধারণা করা হচ্ছে ৬/৭ দিন আগে গলা কেটে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ডোবায় পুঁতে রেখেছিল। কিন্তু মরদেহ পচে ভেসে উঠেছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।