বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে বাড়িতে ডেকে নিয়ে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুনা বেগম শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে। এদিকে অভিযুক্ত রওশন মিয়াকে রাতেই হাজীপুরের মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় নিহত রুনার সাবেক স্বামী রৌশন মিয়া হাজিপুর চকপাড়া এলাকায় তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে ও পরে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে রৌশন মিয়া সবার সামনে দিয়েই পালিয়ে যায়। নিহতের মা শাহারা বেগম বলেন, ‘ভ্যানচালক রৌশন মিয়া মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই রুনাকে মারধর করত। এরই জেরে গত দুবছর আগে রৌশনকে ডিভোর্স দেয় রুনা। এরপরও রুনাকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকম চেষ্টা চালায় সে। কিন্তু রুনা রাজি হয়নি। সে রৌশনকে ছেড়ে সন্তানদের নিয়ে বেপারীপাড়া এলাকায় বসবাস করত।’