গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে সহকর্মী, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামানকে শেষ বিদায় জানিয়েছেন। ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ীতে কয়েক দফা জানাজা শেষে গতকাল রবিবার রাজবাড়ীতে তাকে দাফন করা হয়।
লায়েকুজ্জামান দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামে।
গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা ডিআরইউর সামনে এবং বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা হয়। জানাজা শেষে সহকর্মী ও সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন সাংবাদিক লায়েকুজ্জামান। জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন, জাস্টিস ফর জার্নালিস্ট, ঢাকার পটুয়াখালী সাংবাদিক ফোরাম, দৈনিক রূপালী বাংলাদেশ, দৈনিক কালের কণ্ঠ পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
লায়েকুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও সংসদ সদস্য এ. কে. আজাদ। আরও বক্তব্য রাখেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। এরপর ফরিদপুর প্রেস ক্লাবে লায়েকুজ্জামানের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ফরিদপুর সাংবাদিক ও তার সহকর্মীরা।