জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াসংলগ্ন অমর একুশে ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে ধর্ষণকান্ডে জড়িত মোস্তাফিজুর রহমান ও যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির এবং ক্যাম্পাসে বিভিন্ন সময় নিপীড়নে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘উপাচার্য আগেরও নির্বিকার ছিলেন এখনো আছেন এবং হয়তো ভবিষ্যতেও নির্বিকার থাকার পাঁয়তারা করছেন।’
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘র্যাব বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষণকান্ডের দায় এড়াতে পারে না। আমরা সবাই দল-মত নির্বিশেষে উপলব্ধি করছি কিন্তু উপাচার্য উপলব্ধি করতে পারছেন না যে দায় তাদের ব্যর্থতা তাদের।’